এই নিশীথ রাতে ,ঘুমিয়ে কি গেছে খয়েরী শালিক?
এই দীর্ঘ শীতের রাতে কুকুর ছানা তিনটি কি কাঁপছে ক্ষুধা ও শীতে?
ভাবছি এবার, এই শীতে একটা কুকুর ছানা পোষবো।
যা চড়েছে বাজার দর, নিজেরাই কবে বুভুক্ষু হয়ে উঠি সেই ভয়।
এবার ঝাঁকিয়ে নেমেছে শীত, হিমালয় ভেসেছে বাতাসে,
চিতকার করে কাঁদছে পঞ্চগড়, মৃত্যুর অমোঘ সন্ত্রাসে।
রাস্তায় থরথর কাঁপিছে মানুষের জাত।
আলো,ঝাড়বাতি, নেতার আগমন হেতু ভুরিভুরি অর্থের খাত।
লুটে নেয় রক্ষক, লামচাম বুঝ দিয়ে জনগন মেরে খায় রোজ,
আগে এক যুগ ছিল ভোটের আগে প্রতিনিধি নিয়ে যেত ভোটারের খুঁজ।
এখন যে যুগ নেই গতিশীল রাজনীতি, ঘোষণাই ভোটাভুটি,
তাই আর পায় নাকো, প্রতিনিধি, নেতাদের মৌসুমী খুঁজ।
অথচ মানুষ বেঁচে, নিয়োগ, কর্ম কেচে, সততার বুলি ছাড়া,
শুনে আজ জনগন , তবু তারা ভীষণ অবুঝ।
ব্রিটিশেরে গালি দেয়, ইংরেজি তালি দেয়, ক্ষুদিরাম, প্রীতিলতা,
নাম করে কেঁদে উঠে কি হলো ওহে তিতুমীর।
অথচ অত্যাচারী মরে বলে আহাজারি, হায় আমার,
আধমরা বীর।
এত কিছু চাইনাক, সেতু নয় নহে অট্টালিকার রত্নদীপ,
রাস্তায় মানুষেরা এই শীতে ভালো থাক,
ভালো থাক খয়েরী শালিক।
রাজনীতি, লাল ফিতা, ব্রাউন খামের ফাঁদে,
না পড়ুক শীতার্ত জাতি।
এই দেশ ভাল থাক, মানুষ শান্তি পাক,
এই আমার ক্ষুদ্র আরজি!
